অনলাইন ডেস্ক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উন্নয়ন নিয়ন্ত্রণ-২ বিভাগের পরিচালক প্রকৌশলী মো. মোবারক হোসেনের বিরুদ্ধে প্রায় ৩০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাঁর ফ্ল্যাট, বাড়ি, দোকান ও গাড়িসহ বিভিন্ন সম্পদের ছবি প্রকাশ করে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ ২৪৭। তবে ৩০ কোটি টাকার সম্পদের দাবির বিষয়ে স্বাধীনভাবে অন্য কোনো সূত্রে যাচাই পাওয়া যায়নি।
অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার নথিতে মোবারক হোসেন ও তাঁর স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তথ্য রয়েছে। ২০২৪ সালের ৩ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, মোবারক হোসেন তাঁর সম্পদ বিবরণীতে নিজের নামে ১ কোটি ১০ লাখ ৮৬ হাজার ৫৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেন। বিপরীতে চাকরিকালীন আয় থেকে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে সঞ্চয় এবং ঋণসহ তাঁর বৈধ অর্থের পরিমাণ পাওয়া যায় ৬৯ লাখ ৩৯ হাজার ২০৮ টাকা। ফলে বৈধ আয়ের উৎসের বাইরে ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকার সম্পদের হিসাব পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়।
অন্য মামলায় তাঁর স্ত্রী সাহানা পারভীনের বিরুদ্ধে ১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ২৬১ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদের পরিমাণ ৬০ লাখ ৯০ হাজার ৫৬০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৩৮ লাখ ৮৪ হাজার ৭০১ টাকা। এজাহারে উল্লেখ করা হয়, তাঁর বৈধ আয়ের পরিমাণ ৪১ লাখ ২ হাজার ১০৯ টাকা। সে হিসাবে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের এজাহারে আরও অভিযোগ করা হয়, সাহানা পারভীন তাঁর স্বামীর অসাধু উপায়ে অর্জিত অর্থ দিয়ে এসব সম্পদ গড়ে তুলেছেন। এ মামলায় সাহানা পারভীনকে প্রধান আসামি এবং মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুদক আইনের ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়।
এদিকে, মোবারক হোসেনের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে উচ্ছেদের ভয় দেখিয়ে বিভিন্ন মার্কেট কমিটি ও ভবন মালিকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, মহাখালী জোন-৪-এর অথরাইজড অফিসার থাকাকালে বিভিন্ন ভবন ও মার্কেটে উচ্ছেদের নোটিশ দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হতো। পরে অর্থের বিনিময়ে নামমাত্র উচ্ছেদ কার্যক্রম দেখিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হতো বলে অভিযোগ উঠেছে।
এ ছাড়া নিয়মবহির্ভূতভাবে বিপুলসংখ্যক ভবনের নকশা অনুমোদনের মাধ্যমে উৎকোচ গ্রহণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
দুদক সূত্রের বরাতে জানা গেছে, ২০২৩ সালের ৩০ জুলাই মোবারক হোসেনের বিরুদ্ধে নতুন করে অনুসন্ধানের নোটিশ জারি করা হয়। অভিযোগে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় তাঁর নামে-বেনামে একাধিক ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক সম্পত্তি থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি গ্রামের বাড়িতে জমি কেনা এবং পরিবারের সদস্যদের নামে দামি গাড়ি ও ব্যাংক হিসাবের তথ্যও অভিযোগের মধ্যে রয়েছে।
তবে এসব অভিযোগের সবকটির সত্যতা এখনো তদন্তের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। রাজউকের এক কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবারক হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।