সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর ঐতিহাসিক ভুবন মোহন পার্কে প্রতিবাদ সভা করেছে রাজশাহী প্রেসক্লাব।
প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানার ব্যবহার করে আলুপট্টি মোড়ে অসাংবাদিক ও বহিরাগতদের নিয়ে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যযুক্ত ব্যানার প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দের দাবি, মূলধারার পেশাদার সাংবাদিকদের মতামত, সম্মতি বা আলোচনা ছাড়াই ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’ ব্যানার ব্যবহার করা হয়েছে। এতে পেশাদার সাংবাদিক সমাজের পরিচয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ভুবন মোহন পার্কে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে রাজশাহীর বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সরদার শরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় সভায় সাংবাদিকরা বক্তব্য দেন।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন বলেন, পেশাদার সাংবাদিকদের নাম ব্যবহার করে আলুপট্টি মোড়ে আয়োজিত কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের ছবি বিকৃত করে মানহানিকর তথ্যযুক্ত ব্যানার প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজশাহী প্রেসক্লাব গঠনতান্ত্রিক নিয়ম, নীতি ও পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। অপপ্রচার বা মনগড়া বক্তব্যের মাধ্যমে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা মেনে নেওয়া হবে না।
প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গঠনতন্ত্র অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে ক্লাবের পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈধ সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
সভায় নেতৃবৃন্দের ছবি বিকৃত করা, চরিত্রহনন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর কর্মসূচি বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মর্যাদা ও পেশাদার সাংবাদিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় কর্মসূচি নেওয়ার কথা জানান তারা।