রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ডাকাতিলুট

মোঃ ইমরান মুন্সি:

ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ও ৭ লাখ টাকা ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় মূল ডাকাত সরদারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮), সিপিএসসি, বরিশাল। ঘটনার মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বিকাশ ব্যবসায়ী মোঃ সুমন হোসেন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। দুর্বৃত্তরা রামদা ও লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে সুমন হোসেনের কাছে থাকা বিকাশের নগদ ৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজাপুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

ঘটনার পর মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তার আবেদনের (অধিযাচন) ভিত্তিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১. মোঃ আফজাল হোসেন (৫০), পিতা—মোঃ গণী শরীফ; ২. লিটন হাওলাদার (৩০), পিতা—মনজুরুল আলম মুন্না; ৩. আবুল কালাম (৩৮), পিতা—মৃত ওয়াজেদ আলী হাওলাদার; ৪. চান মিয়া (২৯), পিতা—আবুল খায়ের মৃধা এবং ৫. মামুন হাওলাদার (২৪), পিতা—মজিবর হাওলাদার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেফতারকৃত লিটন হাওলাদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের অবস্থান শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মালামালসহ ঝালকাঠির রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *