স্টাফ রিপোর্টার:
মাদারীপুরের রাজৈরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৫ জন প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মাঝে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজৈর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া। স্বাগত বক্তব্য দেন রাজৈর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফুর হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দক্ষ, কর্মক্ষম ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তোলা গেলে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তরুণদের পরিচিত করে তোলা অত্যন্ত জরুরি। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম তরুণদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসব সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে যুবসমাজ নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা, রাজৈর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবুল হাসান খান, প্রদেশ পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মণ্ডল, রাজৈর মডেল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজৈর কলেজ শাখার সাবেক সভাপতি ও দৈনিক বাংলার ডাকের সাংবাদিক মো. লিয়াকত আলী লিমন। এ ছাড়া আত্মকর্মী হিসেবে বক্তব্য দেন সুজিত বাংলা ও জেসমিন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নয়ন চন্দ্র পাল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লিংকন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহমুদুল আলম, অফিস সহায়ক মো. আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষিত যুবক ও যুব নারীরা।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ১৫ জন প্রশিক্ষিত যুবক ও যুব নারীর মধ্যে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করা হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।