রাজৈরে প্রকাশ্য হামলার মূলহোতা মাজহারুল শেখ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরের রাজৈর বাজারে প্রকাশ্যে হামলা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি মোঃ মাজহারুল শেখ (৪০)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। সোমবার (৯ জুন) জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মে ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজৈর বাজারের নিউ মুসলিম সুইটসের সামনে জাহাঙ্গীর খান (৫০) নামের এক ব্যক্তির মোটরসাইকেলের গতিরোধ করে চাঁদার দাবিতে হামলা চালায় মাজহারুল শেখের নেতৃত্বাধীন ১৫-২০ জনের একটি সশস্ত্র দল। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে জাহাঙ্গীর খানকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত জাহাঙ্গীর খানকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনাটি প্রকাশ্য দিবালোকে সংঘটিত হওয়ায় হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ ঘটনায় আহতের স্ত্রী তাহামিনা আক্তার বাদী হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রাজৈর থানার মামলা নং-৪৩, তারিখ ৩১ মে ২০২৬ হিসেবে নথিভুক্ত হয়। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়।

মামলার তদন্তে পুলিশ ইতোমধ্যে চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। এছাড়া ১০ নম্বর আসামি নাজমুল হোসেনের কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ঘটনার পর থেকেই প্রধান আসামি মাজহারুল শেখ আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাবের একাধিক দল অভিযান চালিয়ে আসছিল। অবশেষে সোমবার জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, মাজহারুল শেখের বিরুদ্ধে পূর্বে তিনটি চাঁদাবাজি, একটি দস্যুতা এবং দুটি মারামারির মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্যও তদন্তে উঠে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি আইনের হাত এড়ানোর চেষ্টা করেছেন।

গ্রেপ্তারকৃত মাজহারুল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *