Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রায়গঞ্জে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক স্বাধীন সংবাদ

রায়গঞ্জে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়তে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রায়গঞ্জ উপজেলা ও পৌরসভার উদ্যোগে ২০২৬ সালের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানকালে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা ও পৌরবাসীকে সচেতন করতে নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। এ ছাড়া উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত সচেতনতা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন বা আশপাশে পানি জমতে না দিলে এডিস মশার বংশবিস্তার বহুলাংশে রোধ করা সম্ভব। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে পৌরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *