নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ভোটার তালিকা পাওয়ার পর এখন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তবে এখনো ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিগগিরই কমিশন আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে।
এ লক্ষ্যে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়।
প্রাথমিক আলোচনা শেষে বৃহস্পতিবার ভোটার তালিকা হাতে পেয়েছে ইসি। এ বিষয়ে দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।