রূপগঞ্জে চাকরির প্রলোভনে অস্ত্র লুট: ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার শটগান-গুলি ও মাইক্রোবাস

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাকরির প্রলোভন দেখিয়ে লাইসেন্সকৃত অস্ত্রধারীদের টার্গেট করে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২টি ১২ বোর শটগান, ৩৮ রাউন্ড কার্তুজ, ১টি এয়ারগান, ১টি ওয়াকিটকি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, ৪টি মোবাইল ফোন এবং অস্ত্রের জাল লাইসেন্স তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, অনলাইনে বিদেশি নাগরিকদের নিরাপত্তারক্ষী (গানম্যান) হিসেবে চাকরির বিজ্ঞাপন দেখে কয়েকজন ব্যক্তি আবেদন করেন। পরে প্রতারক চক্র তাদের চাকরিতে যোগদানের কথা বলে বিভিন্ন সময়ে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে মাইক্রোবাসে তুলে নেয়। এরপর চোখ-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে রূপগঞ্জ উপজেলার আলমপুরা ভূঁইয়া ব্রিজ সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছে থাকা লাইসেন্সকৃত ১২ বোর শটগান, কার্তুজ, মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে নেয়।

এসব ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক তিনটি ডাকাতি মামলা এবং ঢাকার ক্যান্টনমেন্ট থানায় একটি দস্যুতা মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়। নারায়ণগঞ্জ ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের সার্বিক তত্ত্বাবধানে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফজলে রাব্বী মোল্লাসহ পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঢাকার ভাটারা, বাড্ডা ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নাসিম উদ্দিন মোল্লা (৩০), রমজান আলী (৩১), মোঃ সিরাজুল ইসলাম (৩২) এবং ইব্রাহিম শেখ (৩১)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ এ চক্র দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে অস্ত্রধারী ব্যক্তিদের টার্গেট করে ডাকাতি করে আসছিল। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে চক্রের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *