বিনোদন ডেস্ক:
ছেলে আব্রাম খান জয়ের জন্মদিনে তার সঙ্গে কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বাবা-ছেলের এই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে জয়ের ফেসবুক পেজে।
ভিডিওতে শাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কাটতে দেখা যায় জয়কে। ভিডিওটির সঙ্গে বাবাকে উদ্দেশ করে আবেগঘন একটি বার্তাও দিয়েছে সে। সেখানে জয় লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’
গত ২৭ সেপ্টেম্বর ছিল জয়ের জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে শুভেচ্ছা জানান তার মা অভিনেত্রী অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি আবেগঘন বার্তায় ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ছেলের বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খানও। কালো কোট ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করলেও ক্যারিয়ারের কথা বিবেচনায় দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা।
পরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ তৈরি হয়। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠে সে।