মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গত ১ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গঙ্গানগর এলাকার নামাপাড়া হেচুনগর এলাকায় জনৈক কাউসারের বাড়ির উত্তর-পূর্ব পাশে একটি জলাশয়ের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মোঃ ওয়াসিম (৩৫) বলে জানান। তার পিতার নাম মৃত তোফাজ্জল হোসেন এবং মাতার নাম সালমা বেগম। তিনি মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর নামাপাড়া এলাকার (জাহানারা বেগমের বাড়ির ভাড়াটিয়া) বাসিন্দা বলে পরিচয় দেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ১০০ বোতল স্ক্রাফ উদ্ধার করা হয় এবং জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।