রোনালদোর ৭ নম্বর জার্সি এবার রাফায়েল লেওর দখলে

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিশ্চিয়ানো রোনালদো সরে যাওয়ার পর পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সি পেয়েছেন রাফায়েল লেও। ডেনমার্কের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে পর্তুগালের নতুন স্কোয়াড তালিকায় লেওর নামের পাশে ৭ নম্বর জার্সি রাখা হয়েছে।

ইতালিয়ান সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি জানান, পর্তুগালের হয়ে রোনালদোর বহুল পরিচিত ৭ নম্বর জার্সি এবার পরবেন লেও।

রোমানো আরও জানান, রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ায় পরবর্তী দুই ম্যাচের জন্য ৭ নম্বর জার্সি লেওকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল।

এর আগে বুধবার হঠাৎ করেই জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন রোনালদো। পর্তুগালের কোচ জর্জ জেসুসের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। নরওয়ের বিপক্ষে ম্যাচেও পর্তুগাল জয় পেলেও রোনালদোকে বেঞ্চে থাকতে হয়েছিল।

জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত বেঞ্চে থাকার বিষয়টি রোনালদোর জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছিল বলে বিভিন্ন প্রতিবেদনে আলোচনা হয়েছে। কোচের সঙ্গে সম্পর্কের অবনতিও তার ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে বলে কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে।

জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে রোনালদো বলেন, সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলোচনার পর তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।

তবে নিজের সিদ্ধান্তের বিস্তারিত কারণ এখনই প্রকাশ করেননি পর্তুগিজ অধিনায়ক। রোনালদো জানিয়েছেন, যথাসময়ে তিনি পর্তুগালের জনগণকে পুরো বিষয়টি জানাবেন। একই সঙ্গে জাতীয় দলের প্রতি নিজের সর্বোচ্চটা সব সময় দিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *