স্টাফ রিপোর্টার:
বান্দরবানের লামা উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক বিশেষ কমিউনিটি সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) উপজেলার সরই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাজার পাড়ায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক রাসেল বলেন, “জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি পেলে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও টেকসই হবে। বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, আর এই সুফল ভোগ করতে হলে সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে।”
সভায় সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত নানা উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ জোরদার এবং সরকারি সুবিধাগুলো যথাযথভাবে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ এবং স্বাস্থ্যসেবা সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হয়। এ ছাড়া নারীর ক্ষমতায়ন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরা হয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের গোপনীয়তা রক্ষার বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়।
আলোচনা সভা শেষে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর একটি তথ্যবহুল ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তথ্য অফিস, লামা (গণযোগাযোগ অধিদপ্তর) এই সচেতনতামূলক কার্যক্রমটির আয়োজন করে।