Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
লামার ফাইতংয়ে ৫ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের হানা: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক স্বাধীন সংবাদ

লামার ফাইতংয়ে ৫ অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের হানা: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

মোঃ রাসেল:

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের রাইম্যাখোলা এলাকায় পরিবেশ আইন অমান্য করে পরিচালিত ৫টি ইটভাটায় যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৫ আগস্ট ২০২৬ ইং দুপুরে উপজেলার রাইম্যাখোলা এলাকায় ফাইতং পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।

অভিযানকালে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটাকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো—DBM, MMB, MBI, ABC-4 এবং UMB।

আদালত সূত্রে জানা যায়, ফাইতং এলাকার এসব ইটভাটা প্রয়োজনীয় জেলা প্রশাসনের লাইসেন্স এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলা প্রশাসন রাইম্যাখোলা এলাকায় এই বিশেষ অভিযান চালায়। এ সময় আইন ভঙ্গ করার অপরাধে ইটভাটাগুলোকে আর্থিক জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান শেষে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন বলেন, “পার্বত্য অঞ্চলের পরিবেশ, বনজ সম্পদ ও কৃষিজমি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। কিছু ইটভাটা সরকারি নিয়ম ও পরিবেশ আইন তোয়াক্কা না করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। আইন অমান্য করায় আজ ৫টি ইটভাটায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “লাইসেন্সবিহীন কোনো অবৈধ ইটভাটা লামা উপজেলায় চলতে দেওয়া হবে না। পাহাড় কাটা এবং বনের কাঠ পুড়িয়ে যারা পরিবেশের ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই উচ্ছেদ ও শাস্তিমূলক অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।

পরিবেশ রক্ষায় প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *