স্টাফ রিপোর্টার:
বান্দরবানের লামা উপজেলার সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় লামা পৌরসভা সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী ইউএনও মোঃ মঈন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সহসভাপতি আদহাম বিন ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য দেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন।
এ সময় লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিদায়ী ইউএনওর কর্মকালীন কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মঈন উদ্দিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি লামায় ১ বছর ৮ মাস ১০ দিন কর্মরত ছিলাম। সরকার আমাকে জনগণের সেবা করার জন্য পাঠিয়েছেন। কর্মকালীন সময়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কাজের ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও পাহাড়ধসের মতো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত একাধিক দপ্তরপ্রধানের দায়িত্বও পালন করতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমার দপ্তর সব সময় লামার সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কাজ করতে গিয়ে হয়তো ভুলত্রুটি হতে পারে। তবে স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবীদের সহযোগিতায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সবার আন্তরিক সহযোগিতার কারণেই একসঙ্গে সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব সামলানো সম্ভব হয়েছে।”
লামাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী ইউএনও বলেন, “লামার মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভালোবাসার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আমি সারাজীবন লামাবাসীর মঙ্গল কামনা করব।”
মোঃ ওবাইদুল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে লামা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষপর্যায়ে তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর পেশাগত সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।