কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ছেঁউড়িয়ার লালন শাহের মাজারে যান। সেখানে স্থানীয় বাউল শিল্পীদের গান শোনার পর মাজার থেকে বের হওয়ার সময় কয়েকজন তাঁকে লক্ষ্য করে হামলা ও ধাওয়া দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাঁর গাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয় বলে দলীয় সূত্রের দাবি।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মাজারে স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশনা শুনছিলেন। পরে বাইরে বের হয়ে প্রধান ফটকের কাছে পৌঁছালে হঠাৎ কয়েকজন তাঁর ওপর হামলা ও ধাওয়া দেয়। পরে তাঁকে মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি বলেন, কারা হামলা করেছে বা কী কারণে হামলার ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা বলা সম্ভব নয়। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছিলেন। ঘটনা জানার পর পুলিশ সেখানে গিয়ে তাঁকে নিরাপদে মাজার এলাকা থেকে বের করে দেয়। পরে তিনি পুলিশি প্রটোকল ছাড়াই এলাকা ত্যাগ করেন বলে জানান ওসি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে কিছু লোক ধাওয়া করছেন এবং একটি গাড়িতে হামলার দৃশ্য দেখা গেছে। তবে ভিডিওটির সত্যতা ও ঘটনার সঙ্গে এর সম্পৃক্ততা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এনসিপির পক্ষ থেকে হামলার জন্য বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়া হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। একই সঙ্গে হামলায় কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলার প্রকৃত কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।