অনলাইন ডেস্ক:
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানার আওতাধীন লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হওয়ার পর আলোচনায় আসেন তার মেয়ে ডরিন। বাবার নিখোঁজ ও পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। একই সঙ্গে বাবার হত্যার বিচার দাবিতেও সরব ছিলেন।
ডিবি সূত্র জানায়, ডরিনের স্থায়ী বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি ঠিকানায় বসবাস করতেন।
তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।