আন্তর্জাতিক ডেস্ক ::
লিবিয়ার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণকেন্দ্রে গোলাবারুদ বিস্ফোরণে অন্তত আটজন প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (১৮ অক্টোবর) গভীর রাতে দেশটির জাওয়িয়া শহরের উপকণ্ঠে একটি প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি গুলি চালানোর অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১৯ অক্টোবর) বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান শহরটির নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা জানান, দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়া সদস্যরা প্রশিক্ষণকেন্দ্রটিতে সরাসরি গুলি চালানোর অনুশীলন করছিলেন। এ সময় প্রশিক্ষণে ব্যবহৃত একটি গোলাবারুদ বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে।
নিরাপত্তা বিভাগের ওই কর্মকর্তা বলেন, দুর্ঘটনাজনিত বিস্ফোরণে আটজন প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে তিনি জানান, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।