আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির আসন্ন বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বড় ধরনের নীরব বিক্ষোভের আয়োজনের ঘোষণা দিয়েছে অধিকার রক্ষা বিষয়ক সংস্থা ‘ডিফেন্ড আওয়ার জুরিস’। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে এ কর্মসূচি আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
লিভারপুলের সম্মেলন কেন্দ্রের কাছে অনুষ্ঠেয় এই বিক্ষোভে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড এবং এতে ব্রিটেনের সহযোগিতার অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে। তারা এই কর্মসূচিকে যুক্তরাজ্যের নতুন সরকারের জন্য একটি ‘নৈতিকতার পরীক্ষা’ হিসেবে দেখছে।
সংস্থাটির দাবি, ২০২৫ সালের জুলাইয়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পর থেকে তিন হাজার ৬০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দমন-পীড়নের পরও আগামী রোববার শুরু হতে যাওয়া চার দিনব্যাপী সম্মেলনে কয়েকশ মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন।
বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
লেবার পার্টির নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্প্রতি দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা জারি করলেও মানবাধিকার সংগঠনগুলো ব্রিটেন থেকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে তারা।
গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যেই প্যালেস্টাইন অ্যাকশন আন্দোলন চালিয়ে আসছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাজ্য সরকার যদি ইসরায়েলি অপরাধের অংশীদার হওয়া বন্ধ করতে চায়, তাহলে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের গ্রেপ্তার বন্ধ করে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত।