শহীদদের রক্তের ঋণ শোধ হবে ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়েই জাগ্রত জুলাই ফোরামের সম্মাননা অনুষ্ঠানে বক্তারা

মোঃআনজার শাহ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্মৃতি ধারণ এবং আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি জাতির শ্রদ্ধা জানাতে রাজধানীর সেগুনবাগিচার কচি-কাঁচার মেলায় অনুষ্ঠিত হয়েছে “শহীদদের আত্মত্যাগ, আমাদের দায় ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) জাগ্রত জুলাই ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ, শহীদদের ত্যাগ এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিত দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ কেবল একটি আন্দোলনের ইতিহাস নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণা। তাঁদের রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো ন্যায়বিচার, গণতন্ত্র, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা, শহীদ পরিবারের সদস্যরা এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় জুলাই যোদ্ধারা প্রতিমন্ত্রী নুরুল হক নূরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সেই চেতনা ধারণ করেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *