অনলাইন ডেস্ক:
গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই খাবার রান্না করা সম্ভব—এমন একটি বিশেষ ‘থার্মাল কুকিং ব্যাগ’ তৈরি করে আলোচনায় এসেছেন ক্যামেরুনের এক নারী পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী। ‘ওয়ান্ডারব্যাগ’ নামে পরিচিত এই ব্যাগ খাবারের তাপ ধরে রেখে দীর্ঘ সময় ধীরে ধীরে রান্না সম্পন্ন করতে পারে।
বিশেষ কাপড় ও পুরু তাপ-নিরোধক উপাদান, যেমন ফোমের টুকরা দিয়ে তৈরি ব্যাগটি অনেকটা স্লো কুকারের মতো কাজ করে। রান্নার শুরুতে হাঁড়িতে থাকা খাবার গ্যাস বা কাঠের চুলায় পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিতে হয়। খাবার ফুটতে শুরু করলে ঢাকনাসহ হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ব্যাগের ভেতরে রাখা হয়। এরপর ব্যাগটি ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়।
ব্যাগের ভেতরের তাপ-নিরোধক উপাদান হাঁড়ির তাপ বাইরে বের হতে বাধা দেয়। ফলে সেই তাপের সাহায্যেই খাবার আরও আট থেকে ১২ ঘণ্টা ধীরে ধীরে রান্না হতে থাকে। এ সময় অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ বা অন্য কোনো জ্বালানির প্রয়োজন হয় না।
বিশেষজ্ঞদের মতে, ভাত, ডাল ও মাংস রান্নায় এই পদ্ধতি বিশেষভাবে উপযোগী। উদ্ভাবকের দাবি, এই প্রযুক্তি ব্যবহার করলে জ্বালানির খরচ প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
এ ছাড়া জ্বালানির চাহিদা কমে যাওয়ায় গাছ কাটার প্রবণতাও কমতে পারে। একই সঙ্গে কাঠ বা অন্যান্য জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট ক্ষতিকর ধোঁয়ার সংস্পর্শ থেকেও মানুষকে সুরক্ষা দিতে পারে এই ব্যাগ।
ইতোমধ্যে ক্যামেরুনের বিভিন্ন বাজারে দুই হাজারের বেশি ‘ওয়ান্ডারব্যাগ’ বিক্রি হয়েছে। পরিবেশবান্ধব ও কম খরচে রান্নার এই উদ্ভাবন স্থানীয় মানুষের মধ্যে সাড়া ফেলেছে।