শহীদ মিনারে বাউলদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে যুবক আটক

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

শহীদ মিনারে বাউলদের কর্মসূচির ব্যানার ছিঁড়ে যুবক আটক
নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাউলদের উপর হামলার বিচারের দাবিতে কর্মসূচির ব্যানার ছিঁড়ে এক যুবক আটক হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

তবে, তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

পরে শহীদ মিনারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শহীদ মিনারে ভাসমান হকারদেরও সরিয়ে দেয় পুলিশ।
বেলা সোয়া চারটার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পী ও ওলি-আউলিয়ার ভক্ত-আশেকানদের আয়োজনে মাজারে হামলা ও বাউলদের উপর হামলার প্রতিবাদে সমাবেশ শুরু হয়।
এতে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সাধারণ সম্পাদক দিনা তাজরিন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল, বাউল শিল্পী ইউনূস ভান্ডারী, চান মিয়া, ফকির শাহ জালাল প্রমুখ।

ওসি নাছির আহমদ বলেন, সংঘাতের আশঙ্কা থাকায় ফোর্স নিয়ে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছেন তারা।
এছাড়াও র‍্যাব ১১ এর সদস্যদেরকে সমাবেশস্থলে নিরাপত্তার স্বার্থে অবস্থান নিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *