অনলাইন ডেস্ক:
বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি এখনো মনে গেঁথে আছে টেলিভিশন অভিনেত্রী হিনা খানের। বিমানে হঠাৎ প্রিয় তারকাকে পাশে ঘুমিয়ে থাকতে দেখে প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। পরে দীর্ঘ অপেক্ষার পর শাহরুখ নিজেই কথা রাখায় তার ব্যবহারে মুগ্ধ হন হিনা।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘পিওভি’ পডকাস্টে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা জানান হিনা। রকি জায়সবাল, রুবিনা দিলায়েক ও অভিনব শুক্ল পরিচালিত এই পডকাস্টে শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার ঘটনা তুলে ধরেন তিনি।
হিনা জানান, এক ফ্লাইটে হঠাৎ পাশের আসনে শাহরুখ খানকে দেখতে পান তিনি। প্রথমে বিষয়টি বিশ্বাসই হচ্ছিল না তার। কারণ, শাহরুখ তখন গভীর ঘুমে ছিলেন। একবার তাকানোর পর গভীরভাবে শ্বাস নিয়ে আবার পাশে তাকিয়ে নিশ্চিত হন, সত্যিই তার পাশের আসনে বসে আছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।
প্রিয় তারকার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি হিনা। কিন্তু শাহরুখের ঘুম কিছুতেই ভাঙছিল না। পরে কফি খেতে ঘুম থেকে উঠলে হিনা তার সঙ্গে ছবি তোলার আবদার করেন।
শাহরুখ তখন হিনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার আশ্বাস দেন। তবে কফি শেষ করেই আবার ঘুমিয়ে পড়েন তিনি। এদিকে অপেক্ষা করতে করতে বিমানের অবতরণের সময় ঘনিয়ে আসে। হিনা ভেবেছিলেন, এবার হয়তো আর ছবি তোলা সম্ভব হবে না।
কিন্তু ঠিক তখনই ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই হিনাকে ডাকেন। এরপর তার সঙ্গে ছবি তোলেন। প্রিয় তারকার এমন আন্তরিকতায় মুগ্ধ হন হিনা। দীর্ঘদিন পরও বিমানের সেই সাক্ষাতের স্মৃতি তার কাছে বিশেষ হয়ে আছে।