শিক্ষা-স্বাস্থ্য খাতে বরাদ্দই হচ্ছে লুটপাটের উৎস: বুলু

স্বাধীন সংবাদ ডেস্ক: 

সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশে কয়েকটি খাত রয়েছে যেখানে বাজেট বরাদ্দ দেওয়া মানেই লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই খাতকে তিনি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, অন্যান্য খাতে অপচয় ও লুটপাট বন্ধ করে যদি শুধু এই দুই গুরুত্বপূর্ণ খাতে সঠিকভাবে অর্থ ব্যয় করা যায়, তাহলে প্রতিবছর বিদেশে পাচার হওয়া আনুমানিক ১৫-২০ লাখ কোটি টাকা রোধ করা সম্ভব হবে। এতে দেশ এগিয়ে যাবে, অর্থনীতি হবে আরও শক্তিশালী।

বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ‘ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে’ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে তিন নবজাতক শিশুকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বরকত উল্লাহ বুলু আরও বলেন, তারেক রহমান হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান স্বল্প সময়ে রাষ্ট্রকে অগ্রগতির পথে এগিয়ে নিয়েছিলেন, উল্লেখ করে তিনি দাবি করেন, “তারেক রহমান জনগণের ভোটে পরবর্তী সরকার গঠন করলে দেশকে অন্তত আরও ২৫ বছর এগিয়ে নেবেন। এবার দেশের মানুষ খুশি মনে ভোট দেবে।”

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ১৯৮০ সালে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে নাটোরের উত্তরা গণভবনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালায় থাকার সুযোগ হয়েছিল। সেখানে জিয়াউর রহমান অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “আগামী পাঁচ বছর সৎ থাকুন, রাষ্ট্রের অর্থ সৎভাবে ব্যয় করুন—দেশ নিজে থেকেই সুন্দরভাবে গড়ে উঠবে।”

অনুষ্ঠানে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা আসমা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. মজিবুর রহমান, নাসিকের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *