শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত, আহত ৩

মোঃ মাহমুদুল হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত ও আহত ব্যক্তিরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকা মাঠসংলগ্ন মশিউর রহমানের একটি ঘাসের জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লম্বা টোলা গ্রামের মোর্তজার ছেলে।

স্থানীয় ও প্রাথমিক সূত্রে জানা যায়, টমাসসহ অজ্ঞাতপরিচয় আরও অন্তত তিনজন ওই ঘাসের জমিতে ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আহত অন্যরা তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে আত্মগোপনে চলে যান। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যদের ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা যায়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ঘটনাস্থল থেকে ককটেল তৈরির আলামত ও বিস্ফোরকসামগ্রীর তালিকা প্রস্তুত করে সেগুলো জব্দ করা হচ্ছে। আহত ব্যক্তিরা পলাতক থাকলেও তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *