শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

মোঃ মাহমুদুল হাসান:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) রাতে ও বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন আজমতপুর ও সোনামসজিদ বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আজমতপুর বিওপির নায়েক রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮১/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মণ্ডলটোলা গ্রামসংলগ্ন একটি সেতুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমানকে (৪৫) ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৮৭/১১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় শিয়ালমারা গ্রামের ছানাউলের ছেলে মো. মুরছালিনকে (২১) ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, ইস্কাফ সিরাপটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *