শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিপাকে লিটন-মেহেদী, দুজনের বিরুদ্ধেই বিসিবির জরিমানার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার—টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান—শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নজরে পড়েছেন। আলাদা দুটি ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দুজনকেই ব্যাখ্যা দিতে তলব করে বোর্ড। শুনানি ও লিখিত জবাব দেওয়ার পরও শেষ পর্যন্ত আর্থিক জরিমানার মুখে পড়তে যাচ্ছেন তারা।

বিসিবির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শৃঙ্খলাভঙ্গের ঘটনায় লিটন ও মেহেদী—উভয়ের বিরুদ্ধেই আর্থিক জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরিমানার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।

বোর্ডের এক কর্মকর্তা বলেন, “শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের দুজনকেই জরিমানা গুনতে হতে পারে। জরিমানার অঙ্ক কত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।”

মেহেদীর ‘ক্ষোভের’ মাশুল

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন শেখ মেহেদী। সিরিজ শেষে এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার আক্ষেপ তুলে ধরেন তিনি।

মেহেদী বলেন, “আক্ষেপ তো থাকেই। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও নিয়মিত নই। বেশিরভাগ সময় ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমাকে বাইরে থাকতে হয়। এটা অবশ্যই হতাশাজনক। নিয়মিত খেলতে পারলে আরও ভালো পারফর্ম করতে পারতাম।”

তার এই প্রকাশ্য মন্তব্যকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচনা করে বিসিবি ব্যাখ্যা তলব করে।

অনুমতি ছাড়াই বিদেশ সফরে লিটন

অন্যদিকে, জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার লিটন দাস জিম্বাবুয়ে সিরিজ শেষে বোর্ডকে না জানিয়েই চীন সফরে যান। বিসিবির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণ করায় তার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে।

এ ঘটনায় লিটনকে মৌখিক ও লিখিত—দুই ধরনের ব্যাখ্যা দিতে হয়েছে। তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি বিসিবি। ফলে তাকেও আর্থিক জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুজনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা

একই সময়ে ভিন্ন দুটি ঘটনায় জাতীয় দলের দুই ক্রিকেটারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় বিষয়টি ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিসিবি স্পষ্ট বার্তা দিতে চাইছে যে, কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের আচরণ ও বোর্ডের নীতিমালা মেনে চলার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সূত্র: এসএইচ/এফআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *