মো. সাইদুল ইসলাম:
আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবি মেনে নেওয়ার পরও একটি মহল উসকানি ও বাধা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। শ্রমিকদের ন্যায়সংগত অধিকারের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাঁরা বলেছেন, শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
বিএনপির সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের প্রক্রিয়া ব্যাহত করা এবং শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির জন্য কিছু স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী মহল অপচেষ্টা চালাচ্ছে। তবে রাজপথে যেকোনো ধরনের বাধা-বিঘ্ন ও বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস রুখে দেওয়া হবে।
সালাউদ্দিন বাবু আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি অতীতেও তাঁদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শ্রমিকদের যেকোনো সংকট ও ন্যায্য দাবির বিষয়ে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কোনো মহল যেন শ্রমিকদের আবেগ ও দাবিকে ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সমাবেশ ও দলীয় কার্যক্রমে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও আশুলিয়া এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁদের মধ্যে ছিলেন মঞ্জিল পরিবহনের সভাপতি মো. জিলুর রহমান, জিয়া সাইবার ফোর্সের ঢাকা জেলা সভাপতি হাজী এম এ কালাম মাদবর, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বর্তমান আশুলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ জাহিদ হাসান বিকাশ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোহন এবং আশুলিয়া থানা ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের সহসভাপতি দেওয়ান মোহাম্মদ সাবিরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উপস্থিত নেতারা তাঁদের বক্তব্যে বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের সঙ্গে লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি জড়িত। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পর নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তাঁরা সাধারণ শ্রমিক ও এলাকাবাসীর প্রতি কোনো ধরনের উসকানিতে কান না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ, উৎপাদন কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সবাইকে শান্তিপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।