আবদুল আজিজ:
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের ব্যক্তিগত প্রেস সচিব (পিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গণমাধ্যম ও সমাজকর্মী মনজুর মুহাম্মদ। সংসদ সদস্যের দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তিনি এ দায়িত্ব গ্রহণ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৪ আসন থেকে জসিম উদ্দিন আহমেদ নির্বাচিত হন। নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী তিনি ৭৬ হাজার ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। সংসদ সদস্যের প্রেস সচিব হিসেবে মনজুর মুহাম্মুদের দায়িত্ব গ্রহণের খবরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে বলে তাঁর পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নতুন দায়িত্বে তিনি সংসদ সদস্যের দাপ্তরিক ও জনসংযোগ কার্যক্রমে সমন্বয় করে কাজ করার কথা জানিয়েছেন।
দায়িত্বকে জনগণের প্রতি দায়বদ্ধতা হিসেবে দেখছেন মনজুর
দায়িত্ব গ্রহণের পর এক বার্তায় মনজুর মুহাম্মদ বলেন, অর্পিত দায়িত্বকে তিনি শুধু একটি পদবি হিসেবে দেখছেন না; বরং জনগণের প্রতি দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করেছেন। সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, সংসদ সদস্যের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ ও এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত কার্যক্রম যথাযথভাবে গণমাধ্যম ও সাধারণ মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চান। মনজুর মুহাম্মুদের ভাষ্য অনুযায়ী, তথ্য প্রকাশের ক্ষেত্রে সত্য ও বস্তুনিষ্ঠতাকে গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সংসদ সদস্যের দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অবস্থানের কথা
প্রেস বিজ্ঞপ্তিতে মনজুর মুহাম্মুদ আরও উল্লেখ করেন, তাঁর দায়িত্ব পালনকালে কোনো ধরনের অনৈতিকতা, স্বজনপ্রীতি কিংবা অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। তিনি আরও বলেন, সংসদ সদস্যের জনসম্পৃক্ত কার্যক্রম ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানানো এবং গণমাধ্যমের সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে তাঁর দপ্তর কাজ করবে। স্থানীয় পর্যায়ে সংসদ সদস্যের বিভিন্ন কর্মসূচি, জনসাধারণের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে।
গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা
নতুন দায়িত্ব পালনে এলাকার প্রবীণ ব্যক্তি, রাজনৈতিক সহকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন মনজুর মুহাম্মদ। তিনি বলেন, দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠ পরামর্শ ও গঠনমূলক সহযোগিতা পেলে এলাকার মানুষের সঙ্গে সংসদ সদস্যের দপ্তরের যোগাযোগ আরও কার্যকর করা সম্ভব হবে। এদিকে, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বর্তমানে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় তাঁর সম্পৃক্ততার খবরও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। নতুন প্রেস সচিব হিসেবে মনজুর মুহাম্মুদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংসদ সদস্যের দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ কার্যক্রমে নতুন সমন্বয় তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।