সকালে ছেলের মৃত্যু, বিকেলে মায়ের বিদায়—দাফন একই কবরস্থানে

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। দুপুরে ছেলের দাফন সম্পন্ন হওয়ার পর মারা যান তাঁর মা তারা বানু (৮৫)। পরে মা ও ছেলেকে একই কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল সরকার উপজেলার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়। বেলা সোয়া ১টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর কিছুক্ষণ পর তাঁর মা তারা বানুও মারা যান।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, ছেলের মৃত্যুতে শোকাহত হয়ে মারা গেছেন তারা বানু। তবে শোকের কারণে তাঁর মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ধুবিল ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন জানান, সাইফুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হলে দুপুরে দাফন করা হয়। পরে বিকেল ৫টার দিকে তাঁর মা তারা বানুকে দাফন করা হয়। দুজনকেই বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে সমাহিত করা হয়েছে।

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে তারা বানুর মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয় এই জনপ্রতিনিধির। তাঁর ভাষ্য, তারা বানুর বয়স ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলেও তিনি সুস্থ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *