মোঃ আনজার শাহ
জনবহুল বাজারের সড়ক যেন কারও ব্যক্তিগত গুদামঘরে পরিণত না হয়, সেই বার্তা দিয়ে কুমিল্লার বরুড়ায় সড়কের ওপর ফেলে রাখা গাছ ও কাঠ অপসারণের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি এ নির্দেশনা দেন।
নির্দেশনা প্রদানকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাস।
স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং সড়কে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যেই উপজেলা প্রশাসন এ পদক্ষেপ নেয়। বাজারের মতো ঘনবসতিপূর্ণ ও জনবহুল এলাকায় সড়কের ওপর গাছ ও কাঠ ফেলে রাখায় পথচারী, যানবাহন ও সাধারণ ব্যবসায়ীদের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল।
ইউএনও আসাদুজ্জামান রনি নির্ধারিত সময়ের মধ্যে সড়ক থেকে এসব গাছ ও কাঠ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়, এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্থানীয় জনস্বার্থ রক্ষা ও জনদুর্ভোগ নিরসনের কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সড়ক জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের জায়গা। সেখানে ব্যক্তিগত ব্যবসায়িক প্রয়োজনে গাছ, কাঠ কিংবা অন্য কোনো সামগ্রী ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলো আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও চলাচলবান্ধব হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।