কামরুল, চট্টগ্রাম ::
চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৬ বছর বয়সী এক শিশুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে সদরঘাট রোডের জুঁই কমিউনিটি সেন্টারের সামনে শাহ জালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল সানি (১৬), দোলন দে (২৯) ও ফয়জুল ইসলাম শুভ (২০)। তাঁদের মধ্যে রবিউল সানি আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু।
সদরঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজনকে দেশীয় তৈরি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ৮ অক্টোবর সদরঘাট থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ৬। এতে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ।