সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বরুড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষচারা ও সার বিতরণ

মোঃ আনজার শাহ

পরিবেশ সুরক্ষা, শিক্ষার্থীদের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার ১৩ নম্বর আদ্রা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং সার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং এটি আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার অন্যতম ভিত্তি। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিমন বলেন, “শিক্ষার্থীদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া মানে তাদের হাতে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন তুলে দেওয়া। আজকের এই চারা একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে—ছায়া দেবে, ফল দেবে, পরিবেশ রক্ষা করবে। সবুজ বাংলাদেশ গড়তে আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আবুল বাশার। তিনি বলেন, “পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নতুন প্রজন্মকে বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক দায়িত্ববোধ, পরিবেশ সচেতনতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও সার বিতরণ করা হয়। উপস্থিত শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়দের প্রত্যাশা, এমন উদ্যোগ অব্যাহত থাকলে আদ্রা ইউনিয়ন একদিন সবুজে ঘেরা একটি পরিবেশবান্ধব মডেল ইউনিয়নে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *