নুরুজ্জামান সাউদ:
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও ট্রাকস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ এ প্রতারণা সহ্য করবে না এবং উপযুক্ত সময়ে এর জবাব দেবে।তিনি বলেন, ১১ দলীয় ঐক্যজোট সবসময় জনগণের পাশে রয়েছে। ঐক্যবদ্ধ এ প্রচেষ্টা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে তারা রাজপথে নেমেছেন।পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিস্ট সরকার অতীতে ভোটের নামে দেশের মানুষের সঙ্গে ছিনিমিনি খেলেছে। দেশের জনগণ তাদের উৎখাত করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে এর চড়া খেসারত দিতে হবে।এর আগে শনিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে ছয় দফা দাবিতে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে লংমার্চ শুরু হয়। লংমার্চের বহর নারায়ণগঞ্জের শিমরাইল মোড় ও কাঁচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।এ সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী শিমরাইল এলাকায় জড়ো হন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।১১ দলীয় জোটের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
শিমরাইলের পথসভা শেষে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জোটের নেতারা। পরে লংমার্চের গাড়িবহর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোডের উদ্দেশে রওনা হয়।
কর্মসূচিকে কেন্দ্র করে শিমরাইল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয় অতিরিক্ত ট্রাফিক ব্যবস্থাপনাও।