নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরে পৃথক ঘটনায় দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—মিথিলা আক্তার নীলা (১৮) ও লাবনী আক্তার (২০)। পারিবারিক কলহ ও স্বামীর সঙ্গে অভিমানের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কামরাঙ্গীরচরের হাসান নগর ঝাউলাহাটি এলাকার একটি বাসা থেকে মিথিলা আক্তার নীলার মরদেহ উদ্ধার করা হয়।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ কিশোর পাল জানান, পারিবারিক কলহের জেরে মিথিলা নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।মিথিলার মামা সাদ্দাম হোসেন জানান, প্রায় দেড় বছর আগে মিথিলার প্রথম বিয়ে হয়। পরে বিবাহবিচ্ছেদ হলে শাকিল নামে এক যুবকের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। সম্প্রতি সাবেক প্রবাসী স্বামীর সঙ্গে মিথিলার মোবাইল ফোনে কথা বলা নিয়ে বর্তমান স্বামী শাকিলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে স্বামীর ওপর অভিমান করে মিথিলা আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।নিহত মিথিলা ঢাকার সাভারের বড় ওয়ালিয়া এলাকার জসিম উদ্দিনের একমাত্র মেয়ে ছিলেন।অন্যদিকে, একই রাতে কামরাঙ্গীরচরের পানওয়ালা গলির বড় মসজিদ বড়গ্রাম এলাকার একটি বাসার তৃতীয় তলা থেকে লাবনী আক্তার (২০) নামে আরেক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইদ্রিস জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাবনীর মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, লাবনীর স্বামী মালয়েশিয়ায় প্রবাসী। রাতে স্বামী ফোন করলে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে লাবনী তার ভাইয়ের ঘরের সিলিংয়ের অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত লাবনী লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার বামনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। তিনি কামরাঙ্গীরচরের একটি বাসায় তিন বছরের ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।