Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সাতকানিয়ায় বাইক থামিয়ে কুপিয়ে যুবক খুন - দৈনিক স্বাধীন সংবাদ

সাতকানিয়ায় বাইক থামিয়ে কুপিয়ে যুবক খুন

আব্দুল আজিজ:

চট্টগ্রামের সাতকানিয়ায় বাইক আরোহী এক যুবককে পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জাহেদুল ইসলাম জাহেদ (৩০)। স্থানীয়ভাবে তিনি ‘পিচ্চি জাহেদ’ নামে পরিচিত। শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার ১৪ নম্বর পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আক্কোয়ার বঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনহাট কালিনগর এলাকার আছহাব উদ্দিন তহসিলদারের বাড়ির বাসিন্দা। তার বাবা মৃত নুরুল ইসলাম, মা মনোয়ারা বেগম।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, জাহেদুল ইসলাম বাইকে করে এক প্রতিবেশীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত বাইকের গতিরোধ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলায় তার মাথার কপাল থেকে বাম কান ঘেঁষে গভীর জখম হয়। ডান হাতের বৃদ্ধাঙ্গুলও দুই টুকরো হয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাইকে থাকা অপর ব্যক্তি আহত অবস্থায় পালিয়ে যান।

নিহতের মামা আসমত আলী অভিযোগ করেন, কয়েকদিন আগে পুরানগড় নতুনহাট এলাকায় সরকারি গাছ চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় জাহেদ সাক্ষী হওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের পরিবার জানায়, জাহেদুল ইসলাম পেশায় বান্দরবান হয়ে সাঙ্গু নদীতে বোট চালাতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও সাতকানিয়া থানার ওসি জাহাঙ্গীর আলম। এসআই মহিউদ্দিন নিহতের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেন। ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *