সাতকানিয়ায় মাদকাসক্ত ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত চাচা, বাবা-ছেলে আটক

আব্দুল আজিজ আল মাক্কী:

চট্টগ্রামের সাতকানিয়ায় পৈতৃক ভিটেবাড়ি নিয়ে বিরোধ ও পূর্বের ঘটনার জেরে এক চাচাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অভিযুক্ত ভাতিজা ও তাঁর বাবাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর কালিয়াইশের মলিয়াকুল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আহমদ হোসেন প্রকাশ বুইল্যা (৪০)। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলাম প্রকাশ গুন্ডার ছেলে। অভিযুক্ত ভাতিজা আকিব হোসেন আঁকি (২৫), তিনি ফরিদ হোসেনের ছেলে। আহত আহমদ হোসেন বর্তমানে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, আহমদ হোসেনের সঙ্গে তাঁর বড় ভাই ফরিদ হোসেনের দীর্ঘদিন ধরে পৈতৃক ভিটেবাড়ি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে, প্রায় এক সপ্তাহ আগে আকিবের বড় ভাই আতিকের বিরুদ্ধে এলাকার কয়েকজনের বৈদ্যুতিক সংযোগ লাইনের সার্ভিস তার চুরির অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, এলাকার বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় তার চুরির ঘটনা ধরা পড়ে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আতিককে আটক করার জন্য তাঁদের বাড়িতে যান। এ সময় আহমদ হোসেন এলাকাবাসীর পক্ষে কথা বলেন। এতে ফরিদ হোসেন ও তাঁর ছেলে আকিব ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পর পৈতৃক ভিটেবাড়ি নিয়ে পুরোনো বিরোধকে কেন্দ্র করে ফরিদ হোসেন ও তাঁর ছেলে আকিব মিলে আহমদ হোসেনের বসতঘর ভেঙে দেন। এ নিয়ে আহমদ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে একপর্যায়ে আকিব তাঁর চাচার পেটে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত আহমদ হোসেনকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে ভর্তি করেন। ঘটনার পর এলাকাবাসী ফরিদ হোসেন ও তাঁর ছেলে আকিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

মাদক ও চুরির অভিযোগ: স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর অভিযোগ করে বলেন, ফরিদ হোসেনের দুই ছেলেই মাদকাসক্ত। এলাকার বিভিন্ন অপকর্মের সঙ্গে তাঁরা জড়িত বলে তাঁর দাবি। তিনি আরও বলেন, এলাকায় প্রায় প্রতি রাতেই বৈদ্যুতিক তারসহ বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছে এবং এসব ঘটনায় দুই ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশের বক্তব্য:সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, চাচাকে ছুরিকাঘাতের ঘটনায় আকিব ও তাঁর বাবাকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিশ্চিত হওয়ার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *