কামরুল ইসলাম:
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই মো. নুরুল আলমকে (৫০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ছোট ভাই শহিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সানের দোকানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত নুরুল আলম ও অভিযুক্ত শহিদুল ইসলাম একই এলাকার ইদ্রিসের ছেলে।
আহত ও অভিযুক্তের ভাই মোরশেদ জানান, তাদের মায়ের কাছ থেকে মাদক সেবনের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শহিদুল ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই নুরুল আলমকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা আহত নুরুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ছদাহায় বড় ভাইকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।