স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশে এক বাড়িতে আগুন লেগে আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ১৫ জুন সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম আমিলাইশে অবস্থিত তেতুল গাছতলা দক্ষিণ পাড়ায় ছিদ্দিকের বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে আগুন দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মধ্যম আমিলাইশ তেতুল গাছতলা দক্ষিণ পাড়ায় ১৫ জুন সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে সিদ্দিকের বাড়ির দক্ষিণ পাশের বাড়ির মালিক নুরুন্নাহার বেগম নিজের মেয়েকে নিয়ে বাথরুমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছিদ্দিকের বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে টিনের চাউনি দেওয়া ঘরে আগুন দেখতে পান।
তখন তিনি তার বাড়ির পাশের সকলকে ডাকাডাকি করে বিষয়টি জানালে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু দেখেননি বলে জানান।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী নাছিমা আক্তার নামের এক মহিলা বলেন, রাতের অন্ধকারে আগুন ধরতে দেখেছি। কিন্তু আগুন কীভাবে লেগেছে, সেটি আমি জানি না। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ছিদ্দিকের ভাই আলী আহমদ বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে আমরা জানি না। কে বা কারা আগুন দিয়েছে, তাও জানি না। এ ব্যাপারে মধ্যম আমিলাইশের তেতুল গাছতলা দক্ষিণ পাড়ার মাতব্বর আবু তালেব নামের এক ব্যক্তি বলেন, রাতের অন্ধকারে ছিদ্দিকের বাড়িতে আগুন লেগেছে শুনে এসে সবাইকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করি।
এ ব্যাপারে বাড়ির মালিক ছিদ্দিকের সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। আমিলাইশ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হাছিনা সরোয়ার বলেন, আমার ওয়ার্ডের ছিদ্দিকের বাড়িতে আগুন লেগেছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেনি।