কামরুল ইসলাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাস্থলে গিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মাইজভান্ডার-নাজিরহাট সড়কের পাশে অবস্থিত একটি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কয়েকজনের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হওয়ার দৃশ্য দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভবনটি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলম মঞ্জুরের মালিকানাধীন। ভবনটি মূলত আশেক-ভক্তদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, বৈঠকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী অংশ নিয়েছিলেন। বৈঠকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করে। এ সময় সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পরে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাদের মধ্যে একজন ভবনটির পরিচর্যাকারী এবং অপরজন পাশের একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গণমাধ্যমকে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে। ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। কারা সেখানে উপস্থিত ছিলেন এবং বৈঠকের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।