সাভারে গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

মো. ফয়জুল কবির রাজু:

গার্মেন্টস শ্রমিকদের স্বল্পমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমাতে এবং তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চালু হওয়া এ কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

গতকাল (১৪ নভেম্বর) শনিবার দুপুরে সাভারের ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো, শ্রমিকরা যেন সুলভ মূল্যে চাল কিনে নিজেদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে পারেন। বর্তমান সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বিবেচনায় এ উদ্যোগ শ্রমজীবী মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায়ও কাজ করছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। কৃষক ও শ্রমিক উভয় শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

এ সময় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়েও সরকার প্রচেষ্টা চালাচ্ছে। পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি সেখানে রেল যোগাযোগ ব্যবস্থা রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ ধরনের বৃহৎ অবকাঠামো নির্মাণ দেশের অর্থনীতি, যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। এ ছাড়া সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এর আগে খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বেলুন ও পায়রা উড়িয়ে সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতিচারণ, পারস্পরিক কুশল বিনিময় এবং পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *