Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
সিডিএ কার্যালয়ের সামনে অবৈধ দখল উচ্ছেদে চেয়ারম্যান বেলায়েত হোসেন - দৈনিক স্বাধীন সংবাদ

সিডিএ কার্যালয়ের সামনে অবৈধ দখল উচ্ছেদে চেয়ারম্যান বেলায়েত হোসেন

কামরুল ইসলাম:

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান কার্যালয়ের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদে সরাসরি মাঠে নেমেছেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন। তাঁর নেতৃত্বে পরিচালিত পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযানে ফুটপাতজুড়ে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে সিডিএ ভবনের সামনের ফুটপাত ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিডিএ চেয়ারম্যান নিজে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সিডিএ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্থাটির প্রধান কার্যালয় ঘিরে অসংখ্য অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠে। এসব স্থাপনার কারণে একদিকে সিডিএ ভবনের সৌন্দর্য নষ্ট হচ্ছিল, অন্যদিকে সেবাগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এছাড়া এসব অবৈধ দখলের কারণে এলাকায় যানজটও বৃদ্ধি পাচ্ছিল।

উচ্ছেদ কার্যক্রম চলাকালে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন বলেন, “কোনো অবস্থাতেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভবনের আশপাশে অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। এই দখলের সঙ্গে কোনো চক্র জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কোনো সরকারি প্রতিষ্ঠান বা সেবামূলক কার্যালয়ের সামনে অবৈধভাবে ফুটপাত দখল হলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বাড়ে এবং যানজট সৃষ্টি হয়। জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।”

এদিকে, উচ্ছেদ অভিযান শেষে সিডিএ চেয়ারম্যান শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন র‌্যাম্প এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজের গতি ও মান বজায় রাখার নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *