সূর্য আহমেদ মিঠুন:
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সফুরা খাতুন পাইলট উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা হয়। বিশেষ করে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। জাতীয় কর্মসূচির লক্ষ্যও হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধি করা। ৬ নং ওয়ার্ডে আয়োজিত এ কার্যক্রমের প্রধান আয়োজক ছিলেন ৬ নং ওয়ার্ড সচিব মোঃ ফজলে রাব্বি মহিউদ্দিন।
আয়োজক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি কর্পোরেশন বা সরকারি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এজন্য নিয়মিত জমে থাকা পানি অপসারণ এবং নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। জনসচেতনতা ও পরিচ্ছন্নতার এই কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে ৬ নং ওয়ার্ডকে ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।