আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শোনার পরপরই ওই জ্বালানি ট্যাংকে আগুন দেখতে পান বলে জানিয়েছেন।
শনিবার রিয়াদ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি জানান, তিনি আরামকোর জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখেছেন। স্থানীয় বাসিন্দারাও রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। এর কিছুক্ষণ পরই আরামকোর ওই জ্বালানি ট্যাংকে আগুন জ্বলতে দেখা যায়।
তবে কী কারণে জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে আরামকো কিংবা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।
এএফপির প্রতিনিধি জানান, সৌদি পেট্রোলিয়াম জায়ান্ট আরামকোর লোগোসংবলিত দুর্ঘটনাকবলিত ও পুড়ে যাওয়া জ্বালানি ট্যাংকের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে দেখা গেছে।
এর আগে রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মনুষ্যবিহীন ড্রোন আঘাত হেনেছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। ওই হামলার পর বিমানবন্দরের কাছে আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল অথবা বিলম্ব করা হয়েছে। এতে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে।
স্থানীয় বাসিন্দারাও বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।
ফ্লাইটরাডার২৪ তাদের ওয়েবসাইটে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ফ্লাইট ডিসরাপশন ইনডেক্স’-এ ৫.০ মাত্রায় রেখেছে। এর অর্থ হলো, বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।