সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ শরফরাজ বিহারী (৩৪) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে আদমজী সুমিল পাড়া বিহারী ক্যাম্প এলাকার ৩নং পুকুরপাড় গলির মুখ থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত শরফরাজ বিহারী ওই ক্যাম্প এলাকার হাফিজ বিহারীর ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, থানা এলাকায় বিশেষ ডিউটির সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ৪০টি পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পুড়িয়া সাদা কাগজে মোড়ানো ছিল, যার মোট ওজন ২৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার টাকা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং অপরাধ দমন করতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *