মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন, এএসআই (নিরস্ত্র) এস এম ইলিয়াস হোসেন ও সঙ্গীয় ফোর্স ৩০ জুন দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার এনায়েতনগর এলাকার ১/২ নম্বর সাকিনে মিজি মেনশনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ইটের প্রাচীরবেষ্টিত একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতর থেকে একটি সচল পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি কালো রঙের রিয়েলমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজির হোসেনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায়। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় আব্দুল আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।