সিরাজগঞ্জে ৪০০ বছরের ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, ২১ লাখ টাকা আত্মসাৎ—গ্রেপ্তার ১

মোঃ ফেরদৌস হোসেন:

সিরাজগঞ্জে নিজেকে কখনও ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’, আবার কখনও অনলাইন বিনিয়োগ বিশেষজ্ঞ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, গত ১ জুন মমতাজ বেগম (৩১) নামে এক নারী সিরাজগঞ্জ সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আব্দুল হামিদ ‘ইকো ভোল্ট’ নামে একটি সোলার প্যানেলভিত্তিক অনলাইন অ্যাপে বিনিয়োগ করলে অধিক মুনাফা পাওয়া যাবে বলে প্রলোভন দেখান। তার কথায় বিশ্বাস করে বাদীর মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তি ওই অ্যাপে টাকা বিনিয়োগ করেন।

অভিযোগ রয়েছে, প্রথমে বিভিন্ন গ্রাহকের কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করেন তিনি। পরে ‘সিইএফ’ নামে আরও একটি অনলাইন অ্যাপে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে অতিরিক্ত প্রায় ৬ লাখ টাকা নেন।

পুলিশ আরও জানায়, একপর্যায়ে ‘ইকো ভোল্ট’ অ্যাপটি অকার্যকর হয়ে গেলে নতুন করে বেশি লাভের আশ্বাস দিয়ে আরও প্রায় ৪ লাখ টাকা সংগ্রহ করেন আব্দুল হামিদ। এভাবে বিভিন্ন কৌশলে মোট প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, অভিযুক্ত ব্যক্তি টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। কখনও নিজেকে অলৌকিক ক্ষমতাসম্পন্ন ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রতারণার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *