আমির হোসেন:
দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে মোংলা ও পায়রা বন্দরকে সরাসরি সংযুক্ত করতে ঝালকাঠির সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। বুধবার বেলা ১১টায় নলছিটি বাস স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী পালিত মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সাথে নলছিটি উপজেলাসহ বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ করতে সুগন্ধা নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে পণ্য পরিবহন সহজীকরণ হবে। সুগন্ধা নদীতে সেতু নির্মাণ হলে মোংলা ও পায়রা বন্দরে পণ্য পরিবহনে বাড়তি ৩০০ কিলোমিটার দূরত্ব কমে দুই বন্দরের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হবে।
এতে পরিবহন ব্যয় ও সময় সাশ্রয়ের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ সহায়ক হবে বলে তাদের দাবি। এসময় বক্তারা আরও জানান, কয়েক বছর আগে সুগন্ধা নদীতে সেতু নির্মাণের জন্য ঝালকাঠি স্থানীয় সরকার বিভাগ এর পক্ষ থেকে সিআইবিআরআর প্রকল্পে একটি প্রস্তাব পাঠানো হলেও তা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
সমাবেশে বক্তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শহীদ ওসমান হাদীর বোন মাছুমা সুলতানা হাদী, জুলাই শহীদ সেলিম তালুকদারের পিতা সুলতান তালুকদার, সাথী আক্তার, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্যসহ আরও অনেকে।