সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ: 

নারায়ণগঞ্জ: সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪–২০২৬ মেয়াদের প্রথম আলোচনা সভা শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই সভায় জেলা কমিটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সদস্য সংগ্রহ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, আঞ্চলিক নানা সমস্যা সমাধানের উদ্যোগ এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল—নারায়ণগঞ্জ অঞ্চলের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, শব্দ ও বায়ু দূষণ দমন, নদী দূষণ প্রতিরোধ এবং এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১১টায় শোভাযাত্রা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। পরে কেক কাটার মাধ্যমে আলোচনা সভা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম. আর. হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে সভাপতি ধীমান সাহা জুয়েল সবার সুস্বাস্থ্য কামনা করে আনুষ্ঠানিকভাবে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *