মোহাম্মদ হোসেন হ্যাপী:
সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নারায়ণগঞ্জের আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের পিলারের নিচে মাটি অপসারণের কাজ প্রকল্পের পরিকল্পনারই অংশ। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে নির্মিত অস্থায়ী মাটির রাস্তা অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ভায়াডাক্ট নির্মাণের সময় সেখানে একটি জলাধার ছিল। নির্মাণসামগ্রী পরিবহন এবং ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে সাময়িকভাবে জলাধারটি মাটি দিয়ে ভরাট করে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল। প্রকল্পের মূল নির্মাণকাজ শেষ হওয়ায় এখন সেই অস্থায়ী মাটি অপসারণ করা হচ্ছে, যা প্রকল্প বাস্তবায়নের স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ।
তিনি আরও বলেন, “ভায়াডাক্টের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বরং এ কাজ ভায়াডাক্টের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারেও সহায়ক হবে। ভায়াডাক্টের নিচ থেকে মাটি অপসারণের কোনো নেতিবাচক প্রভাব নেই, বরং এর ইতিবাচক প্রভাবই বেশি।”
এ সময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।