সেন্টমার্টিনে ১২ টন ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১২ টন ইউরিয়া সার ও বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একজন রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন। অভিযানের সময় সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে।

পরে বোটটিকে থামার সংকেত দেওয়া হলেও সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটির পিছু নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয় তারা।

আটকের পর বোটটিতে তল্লাশি চালিয়ে ২৪০ বস্তা ইউরিয়া সার, ১৯০ বস্তা রসুন ও ৯০ বস্তা পেঁয়াজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, জব্দ করা ইউরিয়া সারের পরিমাণ ১২ হাজার কেজি। এছাড়া রসুনের পরিমাণ ৩ হাজার ৮০০ কেজি এবং পেঁয়াজের পরিমাণ ৪ হাজার ৫০০ কেজি। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা।

কোস্ট গার্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, এসব পণ্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোটে করে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় একজন রোহিঙ্গাসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।

অভিযানের পর জব্দ করা পণ্য ও বোট কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধেও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

চোরাচালান প্রতিরোধে সেন্টমার্টিন ও এর আশপাশের সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *